তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ এএম
তারাগঞ্জে নিজ বাড়িতে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়। প্রবা ফটো
রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা রায় বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০), ও স্ত্রী সুবর্ণা রায় (৬৫)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে দুজনকেই কুপিয়ে হত্যা করে। রবিবার সকালে বাড়ির কাজের লোক দীপক চন্দ্র রায় ডাকাডাকি করলে কোনও সাড়া না পেয়ে মই দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এসময় ঘরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুবর্ণা রায়কে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে তারাগঞ্জ থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়। তবে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ছাইয়ুম হোসেন।