নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৭ পিএম
বক্তব্য রাখছেন খায়রুল কবির খোকন। প্রবা ফটো
বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া দেশ মায়ের পরীক্ষায় একশোতে ৯৯ নয়, একশো নম্বরই পেয়েছেন। তিনি কখনই নীতির প্রশ্নে আপোষ করেন নাই।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। ইচ্ছা করলে তিনি অনেক বিলাস বহুল জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি ব্যক্তিগত ভোগ বিলাসকে তুচ্ছ মনে করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খায়রুল কবির বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙ্গারু আদালতে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যাক্ত ও জরাজীর্ণ কারাগারে ছয়টি বছর বিনাকারণে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। উন্নত চিকিসা নিতে বিদেশে নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম দিয়েছি। আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম মাজহারী।