চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ পিএম
শনিবার চট্টগ্রামের আমানত শাহ (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রবা ফটো
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের নেত্রী। সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনৈতিক দর্শন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের আমানত শাহ (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তবারক আলী।
চসিক মেয়র বলেন, ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময় তাকে দেশত্যাগের প্রস্তাব দেয়া হলেও, তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে সরে আসেননি। ২০০৮ সালে চট্টগ্রামের লালদিঘীর জনসভায় তিনি বিএনপির জন্য ভোট না চেয়ে ‘দেশ বাচাও, মানুষ বাচাও’ শ্লোগান দিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে। গণতন্ত্র রক্ষায় তার সংগ্রামী মনোভাবের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে শেখ হাসিনার অবৈধ শাসনামলে খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়েছে। কারাগারে থাকার কারণেই তার কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হয়েছে। কিন্তু তারপরও তিনি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে সরে আসেননি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম ৯ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহবায়ক এম এ আজিজ প্রমুখ।