টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭ পিএম
জাতীয় নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে কমিটি করা দরকার।
তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে।
মিছিলটি টাঙ্গাইলের পৌর উদ্যান থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন উপস্থিত ছিলেন।