নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা। সেতুর নাম নির্ধারণ নিয়ে ক্ষোভ থেকে এ হামলা চালায় বিক্ষুব্ধরা। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুলাদীর নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ব্রিজটি উদ্বোধনের কথা ছিল অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তবে তিনি অনলাইনে যুক্ত হওয়ার আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গৌরনদীর সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদীর নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল খাঁ নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ কাজ চলমান রয়েছে। ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ার পরও স্থানীয়দের অন্ধকারে রেখে ‘সৌহার্দ্য সেতু’র নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করে সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় উত্তেজিত জনতা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাংচুর করেন।
স্থানীয়রা আরও জানান, ব্রিজটি নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকিই দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলার কারণে অনুষ্ঠান করতে পারেনি আয়োজকরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সেতুটির নাম নিয়ে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। স্থানীয়দের হামলায় উদ্বোধন অনুষ্ঠান করা সম্ভব হয়নি।