চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে ১৫ থানায় লটারির মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অদল-বদল করা হয়েছে। বাকি একমাত্র থানা ইপিজেড পেয়েছে নতুন ওসি। অন্যদিকে চকবাজার থানার আগের ওসি মো. শফিকুল ইসলামকে সিটিএসবিতে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি ও পদায়ন কার্যকর হয়। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে লটারির মাধ্যমে সিএমপির ১৫ থানার ওসি পদে এই অদল-বদল সম্পন্ন হয়।
আদেশ অনুযায়ীÑ কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায়, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, বায়েজিদ থানার ওসি মো. জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ থানায়, খুলশী থানার ওসি শাহীনূর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়, হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে।
অন্যদিকে আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় এবং চকবাজার থানার ওসি মো. শফিকুল ইসলামকে সিটিএসবি পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তবে ইপিজেড থানায় এখনও নতুন কোনো ওসিকে পদায়ন করা হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে একজন নতুন পরিদর্শককে সিএমপিতে পদায়নের সম্ভাবনাও রয়েছে জানিয়ে বিশ্বস্ত একটি সূত্র বলছেÑ ওই পরিদর্শককে ইপিজেড থানায় পদায়ন করার সম্ভাবনা রয়েছে।
এদিকে পৃথক আদেশে সিএমপির মহানগর গোয়েন্দা দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে শেখ শরীফুল ইসলামকে। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত।