পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড় ২ আসনে মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশাজীবিদের সুচিন্তিত মতামত ও পরামর্শের জন্য গোলটেবিল বৈঠকে গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, ব্যবসায়ী, সমাজসেবক, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বৈঠক চলাকালে তারা বিভিন্ন মতামত প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সারা দেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষনার পরে বিভিন্ন ফেক আইডি তৈরি করে প্রার্থীদের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। দলের, দলের নেতাকর্মী ও প্রার্থীদের সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার উপর গভীর প্রভাব ফেলছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবি ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।