কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হলেন চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সেরা দশে স্থান পাওয়া সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়। সর্বশেষ তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগের দায়িত্বে ছিলেন। রবিবার (৭ ডিসেম্বর) কিশোরগঞ্জের ইউএনও হিসেবে কর্মস্থলে তার যোগদান করার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নীলফামারীর ছয় উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল।
সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে তিনি সেরা দশের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। এরপর শোবিজে কিছু কাজ করেছেন তিনি। তবে নিয়মিত ছিলেন না। পরে পড়াশোনার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিল এই কর্মকর্তা।
টাঙ্গাইল থেকে পড়াশোনা শেষ করে সোহানিয়া ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পরে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এই লাক্স সুন্দরী। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা। মা সালমা সুলতানা একজন গৃহিণী।