রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১ লাখ টাকা না পেয়ে একটি রিসোর্টে চাঁদাবাজরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়ায় ওই রিসোর্টের দুই কর্মচারীকে বেধড়ক পেটানো হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) এ ঘটনায় সকালে ওই রিসোর্টের মালিক রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত ১ ডিসেম্বর বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের খানকুর এলাকার জঙ্গলবাড়ী রিসোর্টে এ ঘটনা ঘটে।
রিসোর্টের মালিক রিপন মিয়া জানান, খানকুর এলাকায় জঙ্গলবাড়ী
নামে তার একটি রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে একই এলাকার মুন্না মিয়া,
সোহান ও রাজিবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।
দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক ডিসেম্বর বিকালে মুন্না
মিয়া, সোহান ও রাজীবসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ রামদা ছুরি, চাইনিজ কুড়ালসহ
বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
হামলাকারীরা রিসোর্টে থাকা সিসি ক্যামেরা ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। নগদ এক
লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দেওয়ায় রিসোর্টের কর্মচারী আকিব ও সানি নামের
দুজনকে পিটিয়া আহত করা হয়। প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে আবারও হামলা করবে
বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির
একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যেহেতু
মামলা রুজু হয়েছে সেহেতু আসামিদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।