প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সারা দেশে ব্যাপক দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দেশের প্রতিটি মসজিদে অশ্রুসিক্ত প্রার্থনায় অংশ নেয় কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ। একই সঙ্গে বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও ধর্মীয় উপাসনালয়েও তার সুস্থতা কামনা করে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
রাজশাহী : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীতে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর কোট গুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু।
মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এদিকে একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।
অন্যদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল : জুমার নামাজের পরে বরিশাল সদর উপজেলার ২ নম্বর কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিহঙ্গল দারুনিয়া মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বরিশাল মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. রাকিব তালুকদারের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা শানু আকন, মহানগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, সহসভাপতি ইলিয়াছ আহমাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হেসেন, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির খান, মহানগর ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জুয়েল প্রমুখ।
রংপুর : বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দুপুরে মহানগরীর আলমনগর পীরপুর জামে মসজিদে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া হয়েছে। এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে নগরীর কেরামতিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া, সেনপাড়া, মুলাটোল, মুন্সিপাড়া, দর্শনা, মডার্ন মোড়, গুপ্তপাড়া জামে মসজিদসহ প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে জুমার নামাজের পর মসজিদে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। নগরীর বড় মসজিদে দোয়া পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক।
এ ছাড়া বিভাগের সব জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মসজিদের ইমাম ও খতিবরা বেগম জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করেন। এতে সমবেত মুসল্লিরা দোয়ায় অংশগ্রহণ করেন।
এর বাইরেও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়ার আয়োজন করা হয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু জেলার মুক্তাগাছায় স্থানীয় রেজুন চেয়ারম্যানের রাইস মিলে দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
কুমিল্লা : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সদকা করেছেন মুরাদনগরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শুক্রবার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় মুরাদনগরে পবিত্র কুরআন খতম ও মসজিদ-মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদকা আয়োজনে উপস্থিত ছিলেনÑ মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও শাহ আলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান ও আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অন্যদিকে কুমিল্লার শাহাপুর দরবার শরীফে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ দলের স্থানীয় নেতারা।
এ ছাড়া শুক্রবার বিকালে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরাম চৌদ্দগ্রাম উপজেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।
চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে পেশাজীবী ফোরামের সমন্বয়ক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেনÑ উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশীদ মজুমদার। চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সেক্রেটারি কাজী রাকিবুল আহসান মহব্বত, সহসভাপতি জসীম উদ্দিন, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, সহসভাপতি হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, পৌর বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম দুলাল, জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, অ্যাডভোকেট দিদার হোসেন, মো. কামাল উদ্দিন, মোরশেদ, আইয়ুব আলী, হুমায়ুন কবীর মিয়াজী, গাজী সাইফুল ইসলাম, কাজী হুসাইন, অ্যাডভোকেট তোফায়েল হোসেন, মো. ইউনুসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার মতিন খানের উদ্যোগে উপজেলার মাছিমপুর খানবাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মতিন খান বলেন, খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার জন্য দেশের সবাই দোয়া করছেন। আপনারা দোয়া করুন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। মোনাজাত করেন মাওলানা বেলাল হোসাইন।
খুলনা : বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার জুমাবাদ খুলনার নিউমার্কেট এলাকার বায়তুল নূর জামে মসজিদে এক দোয়ার আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক অঙ্গনের একজন শীর্ষ নেতাই নন, তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, দেশবাসীর দোয়া-প্রার্থনাই তার জন্য সবচেয়ে বড় শক্তি। আমরা আল্লাহর দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।
দোয়া মাহফিলে সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, নজরুল ইসলাম, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, শওকাত আলী বিশ্বাস লাবু, আবু আরা, ইয়াছিন শেখ, আবু বক্কার মীর, শেখ ফারুক হোসেন, ইশতিয়াকউদ্দিন লাভলু, সাঈদ হাসান লাভলু, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, গাজী আনিস, বেল্লাল হোসেন, মীর সুমন, মোহাম্মদ রনি, আ. ম. সুলতান মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে খুলনার কয়রায় শুক্রবার আসরের পর বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাগালী ইউনিয়নের হোগলা বাজার প্রাঙ্গণে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এসএম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালীসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা কোহিনূর আলম, আশরাফ হোসেন পল্টু, রেজাউল করিম, আবু বকর সানা, আবু সাঈদ পাড়, শফিকুল ইসলাম, আব্দুল হাকিম মালী, মফিজুল ইসলাম পাড়, ফারুক গাজী, দেলোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান বাবু, মিনারুল ইসলাম মালী, কামাল উদ্দিন ছন্টু, সুজা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম সানার সভাপতিত্বে এবং মুজাহিদুল ইসলাম বাপ্পার পরিচালনায় মহফিলে মোনাজাত পরিচালনা করেন হোগলা বাজার আল আমিন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. ইউনুছ আলী। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, তার দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পুনরুদ্ধার কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দল ও দেশের নেতাকর্মীরা উদ্বিগ্ন। তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, জাতির জন্যও গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মধ্যাঞ্চল : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের উদ্যোগে জেলা শহরের বত্রিশ এলাকার এক কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আবরান।
আয়োজিত দোয়া মাহফিলে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা শ্রমিক দলের মো. দিদারুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলমসহ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রীর আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে দিনব্যাপী কুরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। মাঠ ভরে ওঠে দোয়ার সুরে। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুহূর্তেই ঈদগাহ ময়দান এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
আয়োজকদের মতে, দেশজুড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রার্থনার ঢেউ তৈরি হয়েছে কিশোরগঞ্জের এই মাহফিল ছিল তারই এক প্রাণবন্ত প্রতিফলন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসরায়িল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া : বগুড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের উত্তর বাংলা সারস্বত আশ্রমে প্রায় তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ। অনুষ্ঠানে জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন আশ্রম-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজক পরিমল চন্দ্র দাস বলেন, বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ এবং সব ধর্মের মানুষের নেত্রী। তার অসুস্থতার খবরে বগুড়ার সনাতন ভক্তরা ব্যথিত। কয়েকদিন ধরে জেলার বিভিন্ন মন্দির-আশ্রমে তার আরোগ্য কামনায় প্রার্থনা চলছে। উত্তর বাংলা সারস্বত আশ্রমেও এই প্রার্থনা প্রতিদিন চলবে।
কক্সবাজার : শুক্রবার সকালে কক্সবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বলসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া উখিয়া, টেকনাফ, রামু, মহেশখালীসহ জেলা বিভিন্ন স্থানে অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী : ফেনীর সন্তান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফেনীর মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে শুক্রবার বাদ জুমা ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদ, তাকিয়া মসজিদ, সোনাপুর জামে মসজিদসহ জেলার সব জুমা মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিবরা।
দোয়া মাহফিলে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
দোয়া অনুষ্ঠানে মশিউর রহমান বিপ্লব বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কঠিন সময় পার করছেন। মুসল্লিরা কায়মনো বাক্যে মহান রবের দরবারে এ মহিয়সী নেত্রীর সুস্থতা কামনা করেছেন। আমরা কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।
নওগাঁ : শুক্রবার বিকালে নওগাঁর রানীনগর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আলমগীর কবির।
দোয়া-পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে আলমগীর কবির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑ বিনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আল ফারুক জেমস, বিএনপি নেতা নজরুল ইসলাম মাস্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মৌলভীবাজার : শুক্রবার সকালে মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী বেগম রেজিনা নাসের।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার রূপসী এলাকায় অবস্থিত খন্দকার বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল-পূর্বক আলোচনা সভায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসে দেশের জন্য সারা জীবন কাজ করে গেছেন। তিনি এই মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে কোথাও চলে যাননি। আপসহীন এই নেত্রীর কোনো তুলনা হয় না। আমরা আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি।
তারাব পৌর ওলামা দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি মহসিন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, রূপগঞ্জ থানা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষানচর ইউনিয়ন বিএনপির আয়োজনে কারিরহাটে সুমন মোল্যার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন মোল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শাখা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপ্নন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সাবেক সহসভাপতি মোল্যা ফরিদ মাস্টার, বিএনপি নেতা ইশারাত মুন্সী প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হকের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর গৌরীপুর উপজেলার ডৌহাখলা স্কুল জামে জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। দোয়া পরিচালনা করেন ডৌহাখলা স্কুল জামে মসজিদের খতিব মুফতি আল আমিন হাদি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মো. গোলাম আলিমেল হাকিম মুন্সি শাকিব, বিএনপি নেতা আবুল কাশেম, আব্দুস সোবহান, উপজেলা জাসাসের সহসভাপতি আল মামুন আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু যুবদল নেতা মোস্তাফা কামাল প্রমুখ।
মতলব দক্ষিণ (চাঁদপুর) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সহসভাপতি এমএ শুক্কুর পাটোয়ারীর উদ্যোগে খতমে কুরআন, খতমে শেফা, খতমে খাঁজেকানসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সহসভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী। মুনাজাত পরিচালনা করেন জৈনপুরী পীর আব্দুল হাই আতিকী।
এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর এলাকায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, জেলা বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা বিএনপির সহসভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এসএইচজেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।