বগুড়া অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম
ডিবির হাতে গ্রেপ্তার কথিত ‘জিনের বাদশা’। প্রবা ফটো
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মহিদুল খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা নিতো বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মহিদুলের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেন ভুক্তভোগী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোমিনুর রহমান। এরপর অভিযান চালিয়ে ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বাড়িতে অভিযানে দুটি কথিত হাড়, দুটি সুরমা দানী, তিনটি লাল কাপড়, আতর, তাবিজ, সাদা কাপড়, তছবি, আগরবাতি ও কালো সুতা জব্দ করা হয়।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, বগুড়ার মহাস্থানগড় ইসলামী জলসায় ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় মহিদুলের। পরে গত ৭ সেপ্টেম্বর কৌশলে ডেকে নিয়ে খাবারের সাথে মেডিসিন দিয়ে অস্বাভাবিক অবস্থায় রাখে। ওই সুযোগে নগদ ও বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।