খুলনা–৬ আসন
খুলনা অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ পিএম
খুলনা-৬ আসনে গণসংযোগ চালিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) পাইকগাছার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী এ গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় তিনি এলাকার জনগণের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা সম্পর্কে জানতে চান।
গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে। তার দাবি, জবাবদিহিমূলক শাসন কাঠামো প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট এবং বৈষম্যসহ নানা অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। জনগণের কাছে প্রশাসনের কার্যক্রমের হিসাব স্পষ্ট হলে রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী গণসংযোগে তিনি হরিদাসকাটি ফুটবল মাঠ, মোড়লপাড়া, ঋষীপাড়া, ইউনিয়ন পরিষদ চত্বরসহ হরিঢালী ইউনিয়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ সময় এলাকায় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেনÑ খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা টিম সদস্য মাওলানা শেখ কামাল হোসেন প্রমুখ।