চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রবা ফটো
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় ফান্ড পেলেই বন্ধ চিনিকলগুলো চালু করা হবে। আমরা সে লক্ষ্যে ফান্ড সংগ্রহের চেষ্টা করছি। একই সঙ্গে চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে নিতে সরকার নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের আগে তিনি আধুনিকায়ন নতুনভাবে নির্মিত কারখানাটি ঘুরে দেখেন।
শিল্প উপদেষ্টা বলেন, চিনিকলগুলো আধুনিকায়ন করা হচ্ছে। উন্নত জাতের আখবীজ উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের উৎপাদিত চিনি যতদিন গুদামে মজুত থাকবে, ততদিন সরকার চিনি আমদানি করবে না। তাই টিসিবির মাধ্যমে চিনি বাজারজাত করা হচ্ছে। তিনি বলেন, চিনিকলের অস্থায়ী শ্রমিকদের স্বাস্থ্যসেবা বিস্তৃত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
কেরু চিনিকলের চলতি মাড়াই মৌসুমে ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার নির্ধারিত হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ। দৈনিক গড় ১ হাজার ১৫০ টন আখ মাড়াইয়ের ভিত্তিতে চিনিকলটি ৭০ থেকে ৭৫ দিন সচল থাকবে। শিল্প উপদেষ্টা কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিএসএফআইসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক (পিপিএম), চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান।
অনুষ্ঠানে সর্বোচ্চ আখ উৎপাদনকারী সাতজন চাষীকে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।