নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। প্রবা ফটো
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দলের নেত্রী নন, তিনি জাতির মেন্টর। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে দলের জন্য প্রয়োজন না হলেও এই মুহূর্তে দেশের জন্য, জাতির জন্য ও জনগণের জন্য অনেক বেশি প্রয়োজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মদন উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি। আপনারাও দোয়া করবেন। গ্রামে-গ্রামে, পাড়া-পাড়ায় যদি সবাই দোয়া করে, তাহলে তিনি অবশ্যই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ চাইলে সবই সম্ভব।
তিনি বলেন, আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনসহ বহু দণ্ড দেওয়া হয়েছিল। আমি কখনো ভাবিনি, আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারব। কিন্তু আল্লাহ আমাকে আপনাদের মাঝে আবারও ফিরিয়ে দিয়েছেন।
মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া একই দিন মদন উপজেলার ফচিকা, বুড়াপীরের মাজার মাদরাসা, কাপাসাসিয়া, গঙ্গানগরসহ অন্তত দশটি স্থানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।