সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১০ পিএম
অনাহারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কুকুর ছানাগুলি। প্রবা ফটো
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে মা কুকুরকে বিষ দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর ফলে পরিত্যক্ত মাদ্রাসার ভেতরে পড়ে থাকা সাতটি বাচ্চা চারদিন দিন ধরে অনাহারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দেবনগর মাঝেরপাড়া জামে মসজিদের পাশে একটি পরিত্যক্ত মাদ্রাসা ভবনে কুকুরের বাচ্চাগুলো ছটফট করছে। এলাকাবাসীর কেউ কেউ বাচ্চাগুলোকে বাাঁচানোর চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা না পেয়ে তাদের অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম বলেন, গত ১ ডিসেম্বর বিকালে দেখি মা কুকুরটা দাঁড়াতে পারছে না, গা দুলছে। মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছিল। সহ্য করতে না পেরে পানিতে লাফ দিয়ে মারা যায়। তখনই বুঝলাম হয়তো বিষ দেওয়া হয়েছে। তারপর থেকেই বাচ্চাগুলো এভাবে পড়ে আছে। আমরা মাঝে মাঝে চালের গুড়া করে খেতে দিচ্ছি। আমিও গরিব মানুষ—আমার পক্ষে নিয়মিত খাওয়ানো সম্ভব না। তবে কে বা কারা কুকুরটিকে বিষ দিয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
আরেক বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, বাচ্চাগুলোর কান্না সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমরা সাধারণ মানুষ-বাঁচাতে কী করব বুঝতে পারছি না।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনু হক বলেন, বিষ দিয়ে প্রাণী হত্যার বিষয়টি আইনত দণ্ডনীয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ঘটনার বিষয়ে আমি খোঁজ নিচ্ছি। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এফ এম মান্নান কবীর জানান, বাচ্চাগুলো দীর্ঘসময় অনাহারে থাকলে ডিহাইড্রেশনে দ্রুত মারা যেতে পারে। এখনই স্থানীয়ভাবে খাবার ও পানি দেওয়া প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা দরকার হলে সেটা আমরা দিতে পারব।
উল্লেখ্য, এর আগে গত রবিবার (৩০ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় নিশি রহমান (৩৮) নামে একজন গ্রেপ্তার হন।