মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১০ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী বলেছেন, পুরো বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে।
আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ এবং হোসেনপুরও দুর্নীতিতে ছেয়ে গেছে। এমপি থেকে শুরু করে পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমনকি একজন ইউপি মেম্বারও দুর্নীতি করছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের জন্য আমি কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে অংশগ্রহণ করেছি।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মোকাররম হুসাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মদ মুযাক্কির হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ এবং বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ দিদারুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ শাহরিয়ার আলম।