মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় সিফাত (২১) নামে এক কলেজ শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে নিহতের স্বজন ও সহপাঠীরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করে দীর্ঘ প্রায় ২ ঘন্টা ঘেরাও করে রাখে হাসপাতালের জরুরি বিভাগ।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি সালেহ্ আহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত সিফাত মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের শরীফ খাঁনের ছেলে। সে মতলব সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে সিফাতের মা চিকিৎসার জন্য তাকে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতালে ভর্তি দেন। রোগীর চাপ থাকায় হাসপাতালের বারান্দায় চিকিৎসা চলে তার। মাগরিব নামাজের আগে স্যালাইন শেষ হলে সিফাত পায়ে হেঁটে বাথরুমে যায়। বাথরুম থেকে বের হওয়ার পর পড়ে যায় সে। ওই সময় তার স্বজনদের চিৎকারে কর্তব্যরত নার্স ছুটে যায় এবং ডাক্তারকে তাৎক্ষণিক খবর দেয়। খবর পেয়ে ডা. রতন চন্দ্র দাস পরীক্ষা-নিরীক্ষার পর সিফাতকে জরুরি বিভাগে নিয়ে ইসিজি করায় এবং মৃত ঘোষণা করেন।
সিফাতের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠী ও স্বজনরা ছুটে এসে ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ তুলে জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করে এবং দায়ী ডাক্তারের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান বলেন, আমি স্টেশনে নাই, তবে ফোনে ডাক্তারদের সাথে কথা বলে জেনেছি ভুল চিকিৎসা বা দায়িত্বে অবহেলা ছিল না।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ্ আহাম্মদ বলেন, সিফাতের বাবার লিখিত সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।