মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২৩:২৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৬ পিএম
রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ অর্থদণ্ড দেন।
জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের রেদওয়ান মিয়া বেশ কিছুদিন ধরে কৃষিজমিতে ভেকু লাগিয়ে মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এতে গ্রামীন সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে তাকে অবৈধভাবে মাটি কাটতে নিষেধ করা হয়।তারপরও তিনি নিষেধাজ্ঞা অমান্য করে ওই ইউনিয়নের আহমদিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে তা বিক্রি করছিলেন। এরই প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিক সানোয়ার হোসেনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং বহনকারী গাড়ির ৪টি ব্যাটারি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।