রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম
চট্টগ্রামের রাউজানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত অভিযানে চারটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার সিবিএম ব্রিকসকে ৩ লাখ টাকা, সদর ইউনিয়নের রশিদর পাড়ার এসএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, পূর্ব রাউজানের কেবিআই ব্রিকসকে ৪ লাখ টাকা, এবং ডাবুয়া কলমপতির কেবিএম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, রাউজানে বর্তমানে ৩২টি অবৈধ ইটভাটা রয়েছে, যার মধ্যে ২৬টি এখনো চালু। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, কৃষিজমি ও পাহাড়-টিলা কেটে মাটির যোগান এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে।