ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:১৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৮:৫৩ পিএম
নিউ রংপুর ফিজিওথেরাপি সেন্টারের প্রবেশ ফটক। ছবি : প্রবা
ঠাকুরগাঁও সদর উপজেলার অনুমোদনহীন একটি ফিজিওথেরাপি সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সেন্টারটিতে ফিজিওথেরাপি দিতেন ওয়ার্ডবয় ও আয়া।
উপজেলা সদর হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত ‘নিউ ফিজিওথেরাপি সেন্টারে’ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় অভিযান চালিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ছাড়া কোনো অনুমোদন নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক থাকেন বিভাগীয় শহর রংপুরে। সেখান থেকে বিভিন্ন জেলা-উপজেলায় ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে আসছেন তিনি। প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কোনো ধরনের সেবা প্রদান করতে পারবে না।’
এ ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইফতেখারুল হক সজীব বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছিল। এ কাজের জন্য তাদের কোনো চিকিৎসক বা টেকনোলজিস্ট নেই। এত দিন ধরে ওয়ার্ডবয় ও আয়ার মাধ্যমে থেরাপি দেওয়া হতো।’
এ বিষয়ে জানতে নিউ রংপুর ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের মুঠোফোনে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি৷