নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মামুনুল হক। প্রবা ফটো
১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছে, তারা বিদেশি আধিপত্যের কাছে মাথা নত করে বাংলার মানুষের অধিকার বিকিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দীর্ঘ পাঁচ দশকেও দেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারেনি বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক অভিযোগ করেন, ভারতীয় সংবিধানের মূলনীতিকে বাংলাদেশের সংবিধানে বসানোর মাধ্যমে এ দেশকে পরোক্ষভাবে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা হয়েছে। শাসকের মুখ ও প্রতীক বদলেছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, বড় দল নয়—সততা ও ঈমানদার নেতৃত্বই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমাদের নীতি—ধর্ম, বর্ণ, মতভেদ ছাড়াই সবার জন্য খেলাফত। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলে ঘোষণা দেন তিনি।
নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আহমদ আলীকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।