চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে পাঁচটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অষ্টমনিষা বাজারের পূর্ব দিকে আঁখি জুয়েলার্স, মা জুয়েলার্স, মধু জুয়েলার্স, উত্তম জুয়েলার্স ও মাতৃ জুয়েলার্স স্বর্ণের দোকানের প্রতিদিনের কাজকর্ম শেষে তালাবদ্ধ রেখে যান ব্যবসায়ীরা। বাজারে তিনজন নৈশ প্রহরী থাকলেও বুধবার দিবাগত গভীর রাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাজারে প্রবেশ করে নৈশ প্রহরীদের ধরে হাত-পা বেঁধে ফেলে। এরপর দোকানগুলির তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুর ভেঙে রক্ষিত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আঁখি জুয়েলার্সের ২০ ভরি সোনা, ১৮০ ভরি রুপা, মা জুয়েলার্স ১১ ভরি সোনা ৩০০ ভরি রুপা, মধু জুয়েলার্সের পাঁচ ভরি সোনা ২০০ ভরি রুপা, উত্তম জুয়েলার্সের ১২ ভরি সোনা, ১০০ ভরি রুপা এবং মাতৃ জুয়েলার্সে ২.৫ ভরি সোনা ২৫ ভরি রুপা সহ দোকানগুলি থেকে নগদ প্রায় কোটি টাকা নিয়ে যায় ডাকাতরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রতন কর্মকার বলেন, ডাকাতরা নিজেদেরকে প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে বাড়ীতেও ঢোকারও চেষ্টা করে।
ব্যবসায়ী আত্তাব আলী, ইউসুফ আলী, তপন কর্মকার, উত্তম কর্মকার জানান, অনেক টাকা ঋণ করে দোকানের পুঁজিতে যুক্ত করা হয়েছিল, বর্তমানে সবাই নিঃস্ব হয়ে পড়েছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দোকানগুলি পরিদর্শন করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিবি পুলিশ বিষয়টি তদন্ত করবেন ।
সহকারী পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক (চাটমোহর সার্কেল) জানান, ডাকাতির ঘটনা নিয়ে বিভিন্ন টিম কাজ করছেন।