গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম
‘জুলাই শুধু একটি স্মৃতিময় সময় নয়Ñ এটি এ দেশের মানুষকে ন্যায় ও প্রতিবাদের আদর্শে উজ্জীবিত করার এক শক্তিশালী প্রেরণা। জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হয়। প্রয়োজন হলে জীবন দিয়েও কোনো জালিম ও অন্যায়কারীর কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে এই জুলাই। জুলাই এই জমিনে আদর্শিক জাগরণ তৈরি করে দিয়ে গেছে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, জুলাই আন্দোলনে আমাদের শত শত ভাইবোন জীবন দিয়েছেন। আবু সাঈদ কেন জীবন দিল, মুগ্ধরা কেন জীবন দিলÑ এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের ওপর এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন আলোকিত মানুষ হিসেবে তৈরি হতে পারলেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি সরকার হাশেমুজ্জামান প্রমুখ।