বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম
রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়াকে। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত ছলিমাবাদ ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়াকে (৩৫) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানায় দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন সায়েম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, ‘ভোররাতে খবর পাই যে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সায়েম মিয়া মিরপুরের আহমদ নগর এলাকায় অবস্থান করছে। এরপর এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসেন, এসআই (নিঃ) ফারুক আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে আমরা ঢাকার মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে থানায় আনা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।