নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ০০:১২ এএম
নোয়াখালীর চাটখিলে চা খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চার বন্ধু। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এতে একে একে প্রাণ যায় তিন স্কুলছাত্রের। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল–দল্টা সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তামিমকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শুধু বেঁচে যান তাদের বন্ধু হাবিবুর রহমান নাদিম।
নিহতরা সবাই বদলকোট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যুতে বদলকোট উচ্চ বিদ্যালয় ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু সেদিন পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগরের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। তামিম তার বাবার মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ফিরছিলেন—তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
নিহত তামিমের খালাতো ভাই গোলাম রাব্বানী বলেন, তামিম আমাদের অত্যন্ত আদরের ছোট ভাই ছিল। তাকে হারিয়ে পরিবারে গভীর শোক নেমে এসেছে। আল্লাহ তার বাবা-মাকে ধৈর্য ধারণের শক্তি দিন এবং তামিমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
নিহত জয়ের মা রিমা আক্তার বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় পড়ে আজ সকালে ঢাকায় মারা গেল। কেউ বলে ব্রিজে উঠার সময় গর্তে পড়েছিল, কেউ বলে ব্রিজের সাথে ধাক্কা লেগেছে—কীভাবে যে এমন হলো বুঝে উঠতে পারছি না।
তিন ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জামায়াতের মনোনয়নপ্রাপ্ত মাওলানা ছাইফ উল্যা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম কাউসার। তারা তিন পরিবারকে সমবেদনা জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। চালকদের প্রতি আহ্বান—সতর্কতা বাড়ান, নিরাপদ গতিতে যানবাহন চালান, যেন এমন করুণ ঘটনা আর না ঘটে।