খুলনা অফিস
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৩ পিএম
খুলনা আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দিবালোকে দুইজনকে গুলি করে ও চাপাতি দিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। নিহত হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন দুজনের পরিবারের কেউই মামলা না করায় পুলিশ বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে খুলনা সদর থানায় এ মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. মিয়ারব হোসেনকে।
খুলনা সদর থানার উপপরিদর্শক আব্দুল হাই জানান, দুই পরিবারের পক্ষ থেকে মামলার উদ্যোগ না আসায় পুলিশ বাধ্য হয়েই মামলা দায়ের করেছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী অজ্ঞাতনামা ১৫–১৬ জন পরিকল্পিতভাবে হামলা চালায়। পূর্বশত্রুতার জেরে আসামিরা প্রথমে গুলি করে এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫৪ ধারায় আটক রিপন শেখ নির্দোষ দাবি করেছেন তার পরিবার। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রিপনের স্ত্রী আখি জানান, ঘটনার সময়ে রিপন ফকিরহাটের ফলতিতা পাইকারি মাছ বাজারে মাছ কিনছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে হত্যাকাণ্ড সংঘটিত হলেও রিপন তখন বাজারেই ছিলেন, সংবাদ সম্মেলনে তার অবস্থান নিশ্চিত করতে বাজারের ভিডিও ফুটেজও প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত হাসিব হাওলাদারের ছোট ভাই সুমন হাওলাদার। তিনি বলেন, আমার ভাইয়ের হত্যার ঘটনায় রিপন শেখের কোনো সম্পৃক্ততা নেই। তাকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছে। সুমন তদন্তে নিরপেক্ষতা ও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।