× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৫ পিএম

অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোঃ বোরহান উদ্দিন। 

এর আগে অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গত ২৫ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া মোঃ আনোয়ার হোসেন খান অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ (ইতালি) যাওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোঃ আনোয়ার হোসেন খান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (জ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে মোঃ আনোয়ার হোসেন খানের সঙ্গে ফোনে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসী হিসেবে থাকতাম। নানা শারীরিক সমস্যার কারণে আমার সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২ জুলাই ইতালি যাই। যাওয়ার আগে বিভাগীয় কমিশনার বরাবর দুটি ছুটির দরখাস্ত জমা দিয়েছিলাম। কোনো অজানা কারণে হয়তো সেই আবেদন কমিশনারের দপ্তরে পৌঁছায়নি। এরপর ১৩ অক্টোবর চিকিৎসা শেষে দেশে ফিরে এসে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই। আমার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হয়নি এবং পরিষদের কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেছেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী জানান, মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের একটি চিঠি আমাদের কাছে এসেছে। নির্দেশনা অনুযায়ী আমরা প্রক্রিয়া সম্পন্ন করছি। বরখাস্তের মেয়াদকালে তিনি আর চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা