পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রথম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আটঘরিয়া উপজেলা ইউএনও মিনহাজুল ইসলাম। এর আগে গত ১৮ নভেম্বর আলাল সরদারকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
মিনহাজুল ইসলাম বলেন, কয়েক দিন আগে বরখাস্ত করা হলেও আমরা পরে চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
লিয়াকত হোসেন আলাল সরদারকে গত ২৪ জুন গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলাল সরদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। টিআর, কাবিখা, জিআর, কাবিটা, পরিষদের রাজস্ব, ইজারার অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ও উন্নয়নের ১% খাতের টাকা তসরুপসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।