চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম
বিএসএফের পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হওয়া ছয় ভারতীয় নাগরিক আদালত থেকে জামিন পেলেও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নিজ দেশে ফিরতে পারছেন না। মামলা বিচারাধীন থাকায় আদালত তাদের দেশে ফেরার অনুমতি দেননি।
ফলে জামিনে মুক্তি পেলেও তাদের আপাতত বাংলাদেশেই থাকতে হবে। বুধবার (৩ ডিসেম্বর) আদালতে হাজিরা শেষে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি এখনও বিচারাধীন থাকায় আদালত তাদের দেশে ফেরার অনুমতি দেননি।
গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ছয় ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পরে ১ ডিসেম্বর শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম চার ভারতীয়র জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর ওই রাতেই তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। তবে দেড় ঘণ্টা পরই পুলিশ আবারও তাদের হেফাজতে নেয়। পরে গত মঙ্গলবার আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা ফারুক হোসেন আসামিদের জিম্মায় নেন। ফারুক আহমেদ হলো ওই ভারতীয়দের নাগরিক। বর্তমানে তারা এখন ফারুকের বাসায় রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ভারতীয়রা পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের বাসিন্দা। তারা হলেনÑ দানিশ শেখ, তার স্ত্রী সোনালি বিবি, সুইটি বিবি, কুরবান দেওয়ান।
এ ছাড়া সোনালি বিবির সন্তান সাব্বির শেখ এবং সুইটি বিবির আরেক সন্তান ইমাম দেওয়ান কারাগারে মায়ের কাছে থাকলেও মামলায় তাদের আসামি করা হয়নি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তার ৮ বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা। ভারতের আইন আদালত সংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর জানিয়েছে।