নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম
নরসিংদীর রায়পুরায় প্রান্তুষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত প্রান্তুষ সরকার উপজেলার বাঁশগাড়ী গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ী বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাড়িতে অবস্থানকালে দুজন অজ্ঞাত ব্যক্তি প্রান্তুষ সরকারকে ডেকে নিয়ে যায়। পরে তাকে দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি হেনা রাণী সরকার বলেন, দুইজন লোক এসে আমার দেবরকে স্কুল মাঠে ডেকে নিয়ে যায়। একজনের মুখ দেখা গেলেও আরেকজনের মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পরে আমিও দেবরের খোঁজে মাঠে গেলে আমার সামনে প্রান্তুষকে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। আমাদের কোনো শত্রু নেই। যারা তাকে ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদাবাজির জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।