বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:১৫ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম
বরিশালের বাকেরগঞ্জে পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ির কাছাকাছি স্বজনদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এর আগে একইদিন দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে কৌশলে পালিয়ে যান তিনি।
শাহনাজ পারভীন রানী বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের বাসিন্দা ও হালিম খানের স্ত্রী।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৯
সালে পটুয়াখালী জেলায় দায়ের করা একটি চেক প্রত্যাখান মামলায় এ বছরের ১২ ফেব্রুয়ারি
পটুয়াখালীর যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালত রানীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি
চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই
তিনি পলাতক ছিলেন।