পাটগ্রাম (লালমনিরহাট ) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম
অবশেষে চার দিন পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য নিতে সম্মতি দিয়েছে ভারত। সোমবার (১ ডিসেম্বর) থাইল্যান্ড থেকে জাহাজে আনা কন্টেইনার ভর্তি চালান ভুটানের উদ্দেশে রওনা হয়েছে।
বুড়িমারী কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ভারতের কলকাতা কাস্টমস বিভাগ চ্যাংড়াবান্ধা কাস্টমসের কাছে সড়কপথে ট্রানশিপমেন্ট চালান পাঠানোর অনুমতিপত্র প্রেরণ করে। পরে চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ তা বাংলাদেশি কাস্টমসকে আনুষ্ঠানিকভাবে জানায়। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর বেনকো লিমিটেডের তত্ত্বাবধানে শূন্যরেখা থেকে কার্গো ট্রাকে তোলা কন্টেইনারটি চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের দিকে পাঠানো হয়।
বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানান, সচিব পর্যায়ের বাণিজ্য চুক্তিতে বুড়িমারী রুট উল্লেখ না থাকায় কিছু প্রশাসনিক জটিলতাও ছিল। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতীয় কাস্টমস ছাড়পত্র দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কন্টেইনার ও কার্গো ট্রাকটি আপাতত ভারতের কাস্টমস হেফাজতে থাকবে। আজ মঙ্গলবার নির্ধারিত ট্রানজিট রুট ব্যবহার করে তা ভুটানের দিকে রওনা দেবে।