চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম
প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ নারী উদ্যোক্তা পিংকি বেগম জাতীয় পর্যায়ে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান। তিনি পিংকি বেগমের হাতে স্বর্ণপদকটি তুলে দেন।
পিংকি বেগম বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ ছিল না। সীমাবদ্ধতা ও সামাজিক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু আমার নয়, চরফ্যাশনের সব নারীর জন্য একটি সম্মান। তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তা, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।