চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম
প্রতীকী ফটো
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি বস্তিতে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে পাঁচটি টিনের ঘর পুড়ে গেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার অক্সিজেন মোড়সংলগ্ন লেদু হাজীর কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার গ্যাসচুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বস্তির পাঁচটি টিনের ঘরের মোট ৫০টি কক্ষ পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসব কক্ষে মূলত নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন।