প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২২:১৬ পিএম
বাংলাদেশের বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল, মিলাদ, কুরআন খতম, নফল রোজা এবং মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ, ধর্মীয় শিক্ষার্থী এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতারা এসব কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাবি প্রশাসনের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে বিশেষ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, খালেদা জিয়ার অসুস্থতায় আমরা গভীর উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তাঁর গুরুত্বপূর্ণ অবদান দল-মত নির্বিশেষে সবাই স্বীকার করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলে তার আশু আরোগ্য ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজে) উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক বিএম নাভিদ হোসেন, বিপিজের সভাপতি এ কে এম মহাসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সাবেক মহাসচিব নুরুদ্দিন আহমেদ এবং অধ্যাপক এ বি এম নাগিব হোসেন।
চট্টগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর বাটালি হিল টাইগারপাসস্থ নগর ভবনের মসজিদে এ দোয়া মাহফিল হয়।
বগুড়া: খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় দিনভর কুরআন খতম, বিশেষ দোয়া মাহফিল, খাবার বিতরণ ও নানা ধর্মীয় আয়োজন করা হয়। বগুড়া প্রেসক্লাব, জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে। এদিকে শেরপুরে কোরআন খতম ও গণদোয়ার আয়োজন করা হয়েছে। পৌর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া নন্দীগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। কুমিড়া পুন্ডিতপুকুর বাজার এলাকায় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল শেষে এলাকার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ: জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের চাষাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
রংপুর: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রবিবার বাদ আছর কাউনিয়ার হারাগাছে নিজ বাসভবনে দোয়া মাহফিল করেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। বাদ আছর নগরীর বরার্টসনগঞ্জ মাঠে দোয়া মাহফিলে মহানগর বিএনপি, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
সিলেট: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ: সুনামগঞ্জেও বিশেষ দোয়া মাহফিল হয়েছে। রবিবার পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে খতমে কুরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
হবিগঞ্জ: খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের রাজনগর ইসলামীয়া এতিম খানায় এই খাবার বিতরণ ও দোয়া মাহফিল হয়। এতে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেতাগী (বরগুনা): বেতাগীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। রবিবার দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
গলাচিপা (পটুয়াখালী): খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রবিবার গলাচিপা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হাইস্কুল মাঠে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর (মাগুরা): খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে শ্রীপুর উপজেলা বিএনপি। রবিবার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম ও তিতাস (কুমিল্লা): খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রবিবার পৌরসভার মুন্সী বাড়ি জামে মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও: সোহেল আহমেদ। এদিকে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। শনিবার বিকেলে তিতাসের গাজীপুর খান সরকারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ধানের শীষের পক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কান্নায় ভেঙে পড়েন।
বদলগাছী (নওগাঁ): বদলগাছী উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার বিশেষ দোয়া মাহফিল হয়েছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরের প্রাণকেন্দ্র রহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। রবিবার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।
গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরের শহীদ হরুন পার্কে উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হিলি: বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় হিলি বাজারের কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাকিমপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মহম্মদপুর (মাগুরা): মহম্মদপুরের বিনোদপুর ঈদগাহ মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।