কক্সবাজারের পেকুয়ায় অপহরণের ৫২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কলেজছাত্রী আরহায়দুর নেছা আরওয়া (১৭)। কলেজে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ঘটনাটির পর আরওয়ার মা নাছিমা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলা করেন—মামলা নম্বর ০৭/২৫। তবে দীর্ঘ সময় পার হলেও অপহৃত আরওয়ার কোনো সন্ধান পায়নি পুলিশ, উদ্বেগে দিন কাটছে তার পরিবারের।
আরওয়া পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার গিয়াস উদ্দিন ওরফে ভুট্টুর মেয়ে এবং শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এজাহারে উল্লেখ করা হয়— গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে আরওয়া বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মো. ফরহাদ (১৮) ও তার অজ্ঞাত ৩—৪ সহযোগী আরওয়াকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নেয়। এরপর দ্রুত পেকুয়ামুখী সড়ক দিয়ে পালিয়ে যায়।
পরিবার ঘটনাস্থলে পৌঁছালেও অপহরণকারীদের পিছু নিয়ে মেয়েকে উদ্ধার করতে পারেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও আরওয়ার কোনো হদিস মেলেনি।
পরিবারের অভিযোগ, ফরহাদ দীর্ঘদিন ধরে আরওয়াকে উত্যক্ত করছিল এবং অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি ফরহাদের পরিবারকে জানানো হলে প্রথমে সতর্ক করা হয়, এতে ফরহাদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটিকে অপহরণের হুমকি দেয়। হুমকির পরদিনই ঘটে অপহরণের ঘটনা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, 'মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিম উদ্ধারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।