নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘বিগত সময়ে আপনারা দেখছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর কতটা অন্যায় অত্যাচার চালিয়েছিল স্বৈরাচারী সরকার।
তাকে চিকিৎসা না দিয়ে কারাগারে রেখেছিল, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে পরিবার থেকে একাধিকবার আবেদন, নিবেদন দরখাস্ত দেওয়ার পরও আইন মন্ত্রণালয় থেকে অপব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে যেতে দেয়নি; তাকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল; উন্নত চিকিৎসার অভাবেই দিন দিন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) তিনি বিকালে মাধবদীতে জেলা মহিলা
দল আয়োজিত বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং তারেক
রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সব সময় দেশ
ও দেশের মানুষের কথা ভেবেছেন, কখনো স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করেননি। যদি তিনি
হাসিনার সঙ্গে আপস করতেন- তাহলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন; কিন্তু তিনি করেননি।
তাই তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবসময় তিনি বলতেন, আমার তিনটি পরিবার- একটি
এ দেশের জনগণ, একটি আমার রাজনৈতিক দল, একটি আমার পরিবার- এটি ছাড়া আমার আর কোনো ঠিকানা
নেই। তাই সবাই তার জন্য দোয়া করবেন, তার প্রতি আমরা কৃতজ্ঞÑ গণতন্ত্র পুনরুদ্ধারের
জন্য। তিনি যে ভূমিকা রেখেছেন, তার আপসহীন নেতৃত্বের কারণেই হাসিনার পতন হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট
শিরিন সুলতানা, মাধবদী থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা মহিলা দলের
সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি
সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।