আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২১:২৩ পিএম
আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করেননি। এতে আজ সোমবার শুরু হতে যাওয়া প্রায় ২৪ হাজার কোমলমতি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। ১০ নভেম্বর মন্ত্রণালয়ের অনুরোধে ১১তম গ্রেডের কাজ চলছে মর্মে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। তবে ১৭ দিন পার হলেও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত বৃহস্পতিবার থেকে শিক্ষকরা ফের কর্মবিরতি শুরু করেন।
সোমবার (১ ডিসেম্বর) থেকে উপজেলার সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় কেউ প্রশ্নপত্র গ্রহণ করেননি। এতে উপজেলার ১৫২টি বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাওড়া পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম বলেন, সরকার আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করলেই শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে ফিরে যাবেন।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা প্রশ্নপত্র নেননি। তবুও আমরা চেষ্টা করছি, যেন আগামীকাল নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়।