টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২০:০৬ পিএম
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রবিবার
(৩০ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান ওই
রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেনÑ ওয়াহেদুজ্জামান। তিনি
টাঙ্গাইলের খীপুর উপজেলার দড়িপাড়ার পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আদালত
সূত্র জানায়, সখীপুর উপজেলার দড়িপাড়ার পশ্চিমপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে ওয়াহেদুজ্জামান
টাকার জন্য মা-বাবার ওপর অত্যাচার করতেন। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি তার মা
ছেলের অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তার বাবা আব্দুস
সামাদ একাই বাড়িতে ছিল। রাতে মাদকের টাকার জন্য ছেলে ওয়াহেদুজ্জামান বাবাকে চাপ
দিতে থাকে। টাকা দিতে অস্বীকার করলে সে শয়ন কক্ষে তার বাবাকে রামদা দিয়ে কুপিয়ে
হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ভাই আব্দুর
রশিদ বাদী হয়ে সখীপুর থানায় ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের
করেন।টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, মামলার
কিছুদিন পরই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। রায়ের সময় আসামি ওয়াহেদুজ্জামান আদালতে
উপস্থিত ছিলেন। আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। রায়ে আইনের শাসন
প্রতিষ্ঠিত হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত
আইনজীবী গোলাম মোস্তফা মিয়া। তিনি বলেন, মামলার রায়ে তারা সন্তুষ্ট নন, উচ্চ
আদালতে আপিল করা হবে।