নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম
নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশস্থলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সানি ইসলাম (২২)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। এঘটনার পরপরই শহীদ মিনার এলাকা ঘিরে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং ভাসমান হকারদের সরে যেতে বলেন।
বেলা সোয়া চারটার দিকে সেখানে শুরু হয় বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত- আশেকানদের আয়োজিত সমাবেশ, যেখানে মাজারে হামলা এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালালসহ আরও অনেকে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, একজনকে আটক করা হয়েছে। যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত আছেন এবং সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ১১-এর সদস্যরাও অবস্থান নিয়েছে।