শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে আটক ৮ জেলে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে আট (৮) জেলেকে আটক করেছে বন বিভাগ।
(২৯ নভেম্বর) শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৬টি ডিঙ্গি নৌকা ও ৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আটককৃত জেলেদের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।
আটক জেলেরা হলেন- উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহেরালী গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৪), কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত: বক্সো গাজীর ছেলে আব্দুল সালাম (৫৫), একই গ্রামের রহমতউল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৫৪), মৃত ফরমান সরদারের ছেলে মনতেজ আলী সরদার (৭০), সাহেবখালি গ্রামের মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), পৌরসভার চিংড়িখালি গ্রামের আব্দুল মজিদ গাইনের ছেলে নুর ইসলাম (৪৭)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।