ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:২৭ পিএম
‘জানুয়ারির শুরুতে শিক্ষার্থীরা সব বই পাবে। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি। এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে। আর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা সমগ্র উদ্যোগ নিয়েছি।’
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে পিইডিপি-৪ ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার শেষে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি আরও বলেন, শিক্ষকরা হচ্ছে প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাই মূল শিক্ষা দেন। আর শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা বরাবরই কাজ করেছি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আমরা ১০তম গ্রেড দিয়েছি এবং সহকারী শিক্ষকদের আমরা ১১তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি সফল হব।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র হবে। সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি ছিলেনÑ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল প্রমুখ।