মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:১৭ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা ও আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অনেক ইতিহাস, অনেক গল্প, ইতিহাসের অনেক গল্প রচিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ঘোষণা করতÑ এই দেশে আমাদের দলকে ক্ষমতাচ্যুত করার কোনো শক্তি নেই।
এরকম পৃথিবীতে যুগে যুগে অনেক হয়েছে। কিন্তু এমনভাবে তারা ক্ষমতার মসনদ থেকে উৎখাত হয়ে গিয়েছে যে, কল্পনাও করতে পারেনি।
তিনি শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শেখবাড়ী জামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, এই জমিনে আরও একটি অভ্যুত্থান প্রয়োজন। আরও একটি বিপ্লব প্রয়োজন। আর সেটা শুধু ফ্যাসিবাদবিরোধী কিংবা কোনো দলের বিরুদ্ধে নয়। সেটি হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বরুণার পীর ও শেখবাড়ি জামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন আল্লামা হুসাইন আহমদ পালনপুরী (ভারত), আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী প্রমুখ।