ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:০৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম
ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২৯
নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডল পাড়ার
মৃত আফজাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার মুরাদ হোসেনের পিতা আফজাল
হোসেন মারা যায়। কুলখানির আয়োজন করার ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় পারিবারিকভাবে পরামর্শ
করতে গেলে তারই চাচাতো ভাই আলম মন্ডল ব্যঙ্গ করে বলেন, ভিক্ষা করে দোয়ার আয়োজন করছ।
এ নিয়ে মুরাদ
হোসেন ও আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার দুপুরে
পবহাটি সিটি মোড়ে একটি গ্যাস ও সিমেন্টের দোকানে মুরাদ বসে থাকা অবস্থায় তার চাচাতো
ভাইয়ের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহকারে মুরাদের
ওপর হামলা করে।সে সময় মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে
তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে।এ
ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি জানা মাত্রই ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।