সেনাবাহিনীর মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:১৫ পিএম
খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের তারাবনছড়া এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সহায়তা সামগ্রী শিক্ষার্থী ও অসহায় মানুষের হাতে তুলে দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,“পাহাড়কে আর সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেওয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল মো. আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ইউপি সদস্য মো. শাহেব আলী, বিভিন্ন হেডম্যান-কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিরা।