হাওরাঞ্চল প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশায় শারীরিক প্রতিবন্ধী ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে (১০) জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদি হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় একই গ্রামের আজিজুল হকের ছেলে অভিযুক্ত শিপন মিয়া (১৬) নামে এক কিশোরকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের খয়েরদিরচর গ্রামের জনৈক সাজিল হকের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত রান্না ঘরের ভেতরে এ ধর্ষনের ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ও শারীরিক প্রতিবন্ধী ১০ বছর বয়সী ওই শিশুটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের মাঠে খেলাধুলা শেষে বাড়ি যাচ্ছিল। এ সময় অভিযুক্ত শিপন মিয়া রাস্তায় একা পেয়ে প্রলোভলে পাশের সাজিলের বাড়ির পেছনে পরিত্যক্ত একটি রান্না ঘরের ভেতরে নিয়ে রশি দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
শিশুটির পিতা বলেন, আমার মেয়েটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী, সে একজন শারীরিক প্রতিবন্ধী। কিন্তু পাষন্ড শিপন যে কাজটি করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষায় সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত পাঠানো হয়েছে, একইসাথে আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।