জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:২১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩২ পিএম
জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে চিনিকলের মূল ফটকে এক সমাবেশ করেছেন। দীর্ঘদিন ধরে দাবিগুলো জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় সমাবেশ করে শ্রমিক নেতারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সমাবেশে চিনিকলের বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী অংশ নেন। জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রুমেল, সাবেক সহ-সম্পাদক জহুরুল হক জুয়েল প্রমুখ।
বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, সারা দেশের চিনিকলগুলোতে বিভিন্ন বিভাগে (চুক্তিভিত্তিক) শ্রমিক-কর্মচারী রয়েছে। তাদের স্থায়ী পদে সমন্বয়, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের স্ব-স্ব পদে নিয়োগ দিতে হবে। পে-কমিশনের মতো মজুরি কমিশনের শ্রমিক সুবিধার কার্যকর বাস্তবায়ন করতে হবে। গত ১ জুলাই থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দিতে হবে।