রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের শালিস বৈঠকের পর সকালে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য শালিস বসে। শালিসে গ্রামবাসী গোলবার হোসেন, আব্দুল হামিদ, জহুরুল ইসলামসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের সদস্যরাও শালিসে উপস্থিত ছিলেন।
নিহতের বড় বোন আকলিমা খাতুন জানান, শালিস শেষে ভাই বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও শালিসের পর কোনো চাপ বা মানসিক নির্যাতন ছিল কি না—তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।