রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২১) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার খলিফার দরজা ও কাটাখালী এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম উদনপাড়া গ্রামের আটিয়াবাড়ীর মো. শাহজাহানের ছেলে এবং অপর নিহত নাজমুল একই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালী এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে সিএনজি সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়। আহত যুবককে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।