দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে চলতি আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়।
চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। এর আগে মিলের ক্যান ক্যরিয়ার প্রাঙ্গণে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরিকুল ইসলাম। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষনা) আব্দুল আলীম খান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান সিপিই জেবুন নাহার ফেরদৌস। আরও বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহসভাপতি শ্যামল চন্দ, পৌর বিএনপির, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু প্রমূখ।
জানা গেছে, মিলটি গত ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭০ দিনে ৬০ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ৪ হাজার ২০০ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৫ দিনে ৭১ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।